মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, পঞ্চগড়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা স্বল্প জায়গায় পরিকল্পিতভাবে সুন্দর বসতি গড়ে তোলা, সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা এবং পরিকল্পিত গৃহায়ণ ও নগরায়ণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও সীমিত জায়গার সর্বোত্তম ব্যবহারের জন্য পরিকল্পিত আবাসন ও নগরায়ণ জরুরি। একই সঙ্গে মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই বসতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply