লালমনিরহাট প্রতিনিধি:: মানবতার টানে টাঙ্গাইল থেকে সুদূর লালমনিরহাটে ছুটে এসে এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন সামাজিক উদ্যোক্তা ও মানবিক সোহেল। লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামান্য মূলধনে ব্যবসা চালানো অসহায় বৃদ্ধ আব্দুল আওয়ালের হাতে তুলে দেওয়া হয়েছে দোকানের প্রয়োজনীয় পণ্যসামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল আওয়াল মাত্র ৩ / ৪ শত টাকার মূলধন নিয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছোট্ট পরিসরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সীমিত আয়ে জীবিকা নির্বাহ করতে তাকে প্রতিদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো। আব্দুল আওয়ালের এই কষ্টের কথা জানতে পেরে টাঙ্গাইল থেকে তার কাছে ছুটে আসেন মানবিক সোহেল। তার তুলে দেওয়া পণ্যসামগ্রীর মাধ্যমে বৃদ্ধ আব্দুল আওয়াল নতুন করে নিজের ব্যবসা সম্প্রসারণ ও জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়েছেন। এতে করে তার মুখে ফুটেছে স্বস্তির হাসি।
এ বিষয়ে মানবিক সোহেল জানান, “একজন মানুষের কষ্ট দূর করা এবং তার মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে দূরত্ব কখনো বাধা হতে পারে না। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, ‘মানবতার সেবায়—সোহেল স্বেচ্ছাসেবী সংগঠন’ ২০২২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি গৃহহীনদের ঘর নির্মাণ, খাদ্যসামগ্রী বিতরণ, সেলাই মেশিন, হুইলচেয়ার, গবাদিপশু প্রদান করে মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি মসজিদ নির্মাণ, মাদ্রাসা সংস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।
Leave a Reply