আশরাফুল হক, লালমনিরহাট :: লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে নিজ বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ।
অভিযুক্ত ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা নামে একটি ক্লিনিকের পরিচালক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ক্লিনিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের চিকিৎসার সুবাদে পরিবারটির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ইউসুফ আলীর। গতকাল দুপুরে মা শহরে গেলে বাড়িতে একা ছিলেন ওই ছাত্রী। তখন মায়ের মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে বাড়িতে ঢোকেন ইউসুফ। এরপর তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে মুঠোফোনে ঘটনাটি জানায়। মা বাড়ি ফিরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজি নং ২৩৬/২০৭৫ বেড নং ৮০ গাইনি ওয়ার্ড।
ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে তাঁর বিচার চাই। আমরা গরিব মানুষ, আসামিরা প্রভাবশালী। তারা নাকি টাকা দিয়ে সব কিনে ফেলেছে। তাই তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের দুটি টেস্ট করাতে পারিনি। ওষুধ কেনারও টাকা নেই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply