মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড়ের একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে আহত শিক্ষার্থীর চিকিৎসার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক।

জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়। অভিযোগ রয়েছে, এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে—এ কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়।
পরীক্ষা দায়িত্বে থাকা শিক্ষক আবুল কালাম, আরিফুর রহমান ও আব্দুল ওহাব জানান, বোদা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করেন।
পরীক্ষার্থী রবিউল ইসলাম রবি, সঞ্চয়, মুহিত ও অর্নব অভিযোগ করে বলেন, আহত এক শিক্ষার্থীর চিকিৎসার কথা বলে তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে টাকা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার আগে তাদের সময়ও নষ্ট হয়।
তবে অভিযোগের বিষয়ে একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ বলেন, “প্রথম পরীক্ষার দিন এক শিক্ষার্থী অটোভ্যান দুর্ঘটনায় আহত হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সহপাঠীরা সহযোগিতা চাইলে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে ওই শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।”

চাঁদা উত্তোলনের বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, “পরীক্ষা শুরুর আগেই টাকা তোলা হয়েছে।”
এ বিষয়ে র মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম বলেন, “চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply