বিজ্ঞাপন:
 
হাদি হত্যার বিচারে বিলম্ব কেন— প্রশ্ন আসিফ নজরুলের

হাদি হত্যার বিচারে বিলম্ব কেন— প্রশ্ন আসিফ নজরুলের

ডেস্ক রিপোর্ট :: স্বল্প সময়ে ওসমান হাদি হত্যার বিচার বিলম্ব হওয়ার কারণ জানালেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, ‘ওসমান হাদি ছিলেন গণমানুষের অতিপ্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে।’

হত্যার বিচার শুরু করতে না পারার কারণ হিসাবে সাবেক আইন উপদেষ্টা উল্লেখ করে বলেন, ‘দূর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনো শুরুই করা যায়নি। এ বছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি।’

নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করলে বিতর্কের আশঙ্কার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘সিআইডি’র তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং এতে আর নারাজি না এলে বিচারকার্য শুরু হবে। কিন্তু তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোন কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরও পেছাতে পারে। আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে। কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক উঠার আশঙ্কা থাকবে।’

শেষে তিনি বিচারের বিষয়ে ‘সদিচ্ছা’ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা যতোটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এতো সরল বিষয় নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com