খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি, উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন যাবৎ পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রফিকুজ্জামান পলাশ শো-রুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ী এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান চলছে।”
Leave a Reply