বিজ্ঞাপন:
 
সাত বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

সাত বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

নিউজ ডেস্ক::দীর্ঘ সাত বছরের প্রেমের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সাদিয়া আক্তার (২৫) নামে এক তরুণী। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাইছারা গ্রামে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে তিনি প্রেমিক ওসমান (২৬) এর বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ওসমান বাইছারা গ্রামের দুলাল মিয়ার ছেলে। প্রেমিকা সাদিয়া একই গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে। দীর্ঘ সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। দুজনই চট্টগ্রামে একসঙ্গে পড়াশোনা ও চাকরি করতেন।

সাদিয়া আক্তারের অভিযোগ, ওসমান বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার চট্টগ্রামের সি-বিচ এলাকার হোটেল ও তার ভাড়া বাসায় নিয়ে রাত কাটিয়েছেন। কিন্তু এখন বিয়ের কথা উঠলে বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যাচ্ছেন।

সাদিয়া আক্তার বলেন, দীর্ঘ সাত বছর ধরে ওসমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন নানা বাহানা করছে। তাই আমি তার বাড়িতে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

অন্যদিকে, প্রেমিক ওসমানের বাবা দুলাল মিয়া বলেন, ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক ছিল, সেটা জানি। তবে মেয়ের এমনভাবে এসে বসা ঠিক হয়নি। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ছেলের মতামত ছাড়া কিছু বলা সম্ভব নয়।

সাদিয়ার মা জাহানারা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে ওসমানের প্রেমের সম্পর্ক। আমরা বিয়ের প্রস্তাব দিলেও ছেলের পরিবার রাজি হয়নি। এখন চাই, উভয়েই যেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও মহিলা সদস্য শিল্পী বেগম বলেন, বিষয়টি আমরা আগে থেকেই জানতাম। একাধিকবার ওসমানকে সমাধানের জন্য বলেছিলাম, কিন্তু সে কর্ণপাত করেনি। এখন মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছে এটা খুবই দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক ওসমান পলাতক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com