কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটঃঃলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বিদ্যা নিকেতন-এ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক এমরান ও মোঃ মেহেদী হাসান মিরাজ, প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেন, নির্বাহী সদস্য মোছাঃ মাহবুবা আফরোজ মৌ ও সদস্য মোঃ রেদওয়ান ইসলাম মাখন, মোছাঃ শিমু ইসলাম সহ আরও অনেকেই।
ক্যাম্পেইনে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
তুষভান্ডার বিদ্যা নিকেতন এর এক শিক্ষার্থী বলেন, “আজকের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে আমি নিজের রক্তের গ্রুপ জেনেছি। পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কেও জানতে পেরেছি। ভবিষ্যতে আমি নিজেও রক্তদাতা হতে চাই।”
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং তরুণ প্রজন্মকে মানবতার সেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা। প্রতিটি শিক্ষার্থী যদি রক্তদানের মানসিকতা গড়ে তোলে, তাহলে একটি জীবন বাঁচানো সম্ভব।”
তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা গেছে এবং নতুন রক্তদাতাদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে যেকোনো জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতা করে তুষভান্ডার বিদ্যা নিকেতন কর্তৃপক্ষ ও স্থানীয় মেডিকেল টিম। ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই ধরণের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে।
Leave a Reply