বিজ্ঞাপন:
       
মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে বিভিন্ন হাউজিং এলাকায় প্রভাব বিস্তার, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ক্লাবকেন্দ্রিক কর্মকাণ্ড এবং জমি দখলসংক্রান্ত অভিযোগও সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী মহল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মহানগরের একাধিক নেতৃবৃন্দ বলছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো রাজনৈতিক সংগঠনের ওপর বর্তানো উচিত নয়। তবে দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং পরিচালনার মতো কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সচেতন মহলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com