স্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন নগরপাড়া সেতুর কাজ ২৩ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে সেতুটির নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নগরপাড়া এলাকায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নগরপাড়াসহ আশপাশের এলাকার কয়েকশ মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা। নির্মাণকাজ শুরুর পর সেতুর মূল অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ তৈরি হলেও একপর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিভিন্ন জটিলতায় প্রকল্পটির কাজ আর এগোয়নি।

মানববন্ধনে বক্তারা জানান, ২০০৩ সালে তৎকালীন সরকারের আমলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানো এবং রূপগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু নানা প্রতিবন্ধকতা ও স্বার্থসংশ্লিষ্ট মহলের বিরোধিতার কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
বক্তারা বলেন, নগরপাড়া সেতু চালু না হওয়ায় রূপগঞ্জ ও কায়েতপাড়া এলাকার লাখো মানুষকে প্রতিদিন বিকল্প পথে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই অপচয় হচ্ছে। পাশাপাশি বাড়ছে যাতায়াত ব্যয় এবং জনদুর্ভোগ।

তারা আরও বলেন, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন এমন রোগী, বয়স্ক মানুষ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেতুটি চালু হলে রূপগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেতুটি।
মানববন্ধনে বক্তব্য দেন পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের অন্যতম সংগঠক ও প্রতিনিধি আহসান উল্লাহ মাস্টার, আইনজীবী নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, ব্যাংকার আবু বকর সিদ্দিক ও বাংলাদেশ পাটশিল্প সমিতির সাবেক সভাপতি হাসেন আলী ব্যাপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নগরপাড়া সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
Leave a Reply