লালমনিরহাট প্রতিনিধি :: ভুল বোঝাবুঝি ও আবেগের বশবর্তী হয়ে দুই বছর আগে যে প্রধান শিক্ষককে তারা পদত্যাগে বাধ্য করেছিল, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সেই প্রাক্তন প্রধান শিক্ষককেই পুনরায় স্বপদে দেখতে চায় লালমনিরহাটের সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রশিদুল আলমকে পুনর্বহালের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছে বিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের দেওয়া ওই আবেদনপত্রে বলা হয়েছে, বিগত দুই বছর ধরে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান ও ক্লাসের চরম বিপর্যয় ঘটছে। প্রশাসনিক চেইন ভেঙে পড়ায় শিক্ষার মান ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।
আবেদনে শিক্ষার্থীরা নিজেদের ভুলের কথা অকপটে স্বীকার করে জানায়, দুই বছর পূর্বে ভুল বোঝাবুঝি ও আবেগের বশবর্তী হয়ে আন্দোলন করে তৎকালীন প্রধান শিক্ষক মোঃ রশিদুল আলমকে তারা পদত্যাগ করতে বাধ্য করেছিল। বর্তমানে তারা গভীরভাবে উপলব্ধি করছে যে, তিনি বিদ্যালয়ের যোগ্য অভিভাবক ছিলেন এবং তাঁর অভাবেই স্কুলটি আজ ধ্বংসের মুখে। অতীতের সেই ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং নিয়মিত ক্লাস নিশ্চিত করার জন্য মোঃ রশিদুল আলমের মতো একজন দক্ষ ও যোগ্য প্রধান শিক্ষকের কোনো বিকল্প নেই বলে দাবি তাদের। শতশত শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে তাকে পুনরায় ওই বিদ্যালয়ে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সদয় মর্জি কামনা করা হয়েছে।
সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উক্ত আবেদনপত্রে স্বাক্ষর করেন দশম শ্রেণির ছাত্র মোঃ রুবেল মিয়া এবং নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply