মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: বিগত দিনে একটি দলীয় মতের সঙ্গে সম্পৃক্ত থাকা সার ডিলারদের বাদ দেওয়া হবে—এমন খবরকে গুজব বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, বিদ্যমান সার ডিলাররা বহাল তবিয়তেই থাকবেন। পাশাপাশি শূন্য জায়গায় নতুন করে একজন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার ইউএনও, ওসি ও নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিগত দিনে একটি দলীয় মতের সার ডিলার ছিলেন অনেকেই। তারা বহাল তবিয়তেই থাকবেন। তাদের বাদ দেওয়া হবে—এ কথাটি গুজব। বরং শূন্য জায়গায় একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এটাই হলো তারেক রহমান সরকার।”

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থকে এক করে কাজ করার মানসিকতা বর্তমান সরকারের রয়েছে। সার সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে নিজ গ্রামের ও নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সার ডিলার হওয়ার সুযোগ পাবেন।
দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই।” এ বিষয়ে জেলা প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মনিটরিং টিম সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেনসহ সংশ্লিষ্টরা।
এ সময় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঁচ থানার অফিসার ইনচার্জ, নিবন্ধিত রাসায়নিক সার ডিলার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply