ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে হাত ছেড়ে কনটেন্ট তৈরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আজ সোমবার ( ১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম শাওন মিয়া (৩২)। তিনি বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন আর অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। সোমবার সকালেও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হয়। কিন্তু আজ ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply