মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য এসকাফের ১৪৭ বোতল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদের অভিযোগে মো. মনিরুজ্জামান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মনিরুজ্জামান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মনিরুজ্জামানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উঠানে বিশেষভাবে রক্ষিত ১৪৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য মজুদের অভিযোগে বাড়ির মালিক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার মনিরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply