আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন পথচারী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতিবান্ধা উপজেলার সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আব্দুল জলিল (৫০) ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল হক (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়খাতা এলাকা থেকে ভাড়ায় চালিত একটি অটোরিকশা হাতীবান্ধার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

ধাক্কার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল শো-রুমে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এছাড়া সড়কের পাশে থাকা তিন পথচারীও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
Leave a Reply