ডেস্ক রিপোর্ট :: অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণ ছাড়া ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হলে দায়ি ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন কঠোর বার্তা দেওয়ার কিছু সময় পর আগের বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। এতে ‘প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ানো’ এবং ‘কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার’ বিষয়টি সংশোধন করা হয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
“এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হল।”
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে দাবি করে বিদ্যুৎ বিভাগ বলছে, “সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।”
এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে গত তিন মাস ধরে গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছেন। কেউ বলছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র না বসালেও ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমানের ভিত্তিতে বিল তৈরি করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম এক প্রশ্নে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “জুনের বিল নিয়ে অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে।
“প্রত্যেক ইউটিলিটি আলাদাভাবে বিষয়গুলো দেখছে। অধিকাংশ অভিযোগ পরীক্ষা করে দেখা গেছে, যেভাবে অনেক বেশি বা অতিরিক্ত বিল করার কথা বলা হচ্ছে, তেমন পাওয়া যায়নি।”
Leave a Reply