মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :: পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহরণের একদিন পর রাজধানীর বাড্ডা এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিনেত্রী পরিচয়ধারী সুলতানা রোজ নিপা, তার ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও পরে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, সে সেদিন স্কুলে উপস্থিত ছিল না।
পরিবারের অভিযোগ, সন্ধ্যার পর শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে এসেছে, আমি তাকে বিয়ে করেছি।” পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকায় এবং বর্তমানে ঢাকার বাড্ডায় বসবাস করতেন বলে জানা গেছে।

পরে দেবীগঞ্জ থানা পুলিশ বাড্ডা থানার সহযোগিতায় শুক্রবার রাতে রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে সুলতানা রোজ নিপার বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় সুলতানা রোজ নিপা, তার ভাইসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। স্কুলে যাতায়াতের পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply