মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ হত্যাকান্ডর ঘটনা ঘটে । এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানা যায় ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোরদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে জনতা। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে কালিয়াকৈর থানায় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply