ডেস্ক রিপোর্ট :: দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি কালবৈশাখী ঝড়। সোমবার (৪ মে) রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই প্রবল বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। পরিস্থিতি বিবেচনায় সংস্থা দুটির পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে ঝড়ের পাশাপাশি বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন ভূখণ্ডে ইতোমধ্যে বেশ শক্তিশালী একটি বজ্রমেঘ সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে বাংলাদেশের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী আঘাত হানতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, কালবৈশাখীর এই মেঘমালা যদি নিজের শক্তি বজায় রাখতে পারে, তবে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে। মেঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
Leave a Reply