গাইবান্ধা প্রতিনিধি: মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধার এসকেএস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে “একটি সচেতন পরিবার, একটি মাদকমুক্ত সমাজ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ড. অনামিকা সাহা।
এসকেএস স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “আইনগত ব্যবস্থা নয়, পারিবারিক সচেতনতাই মাদকাসক্তি নিয়ন্ত্রণে অধিক কার্যকর।”
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে মাদকাসক্তির ক্ষতিকর দিক, সামাজিক প্রভাব এবং পারিবারিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কেএম রেজাউল হক, সম্পাদক দৈনিক মাধুকর; সঞ্জয় চৌধুরী, প্রভাষক, এসকেএস স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা; এবং মো. আবু তালহা হিমুন, সহকারী প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, গাইবান্ধা। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গাইবান্ধা।

প্রতিযোগিতায় এসকেএস স্কুল এন্ড কলেজের একটি দল চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের অপর একটি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পক্ষ থেকে আফসানা মিমি আভা এবং বিপক্ষ থেকে মোঃ শিরহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করে ভবিষ্যতে একটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply