ডেস্ক রিপোর্ট :: খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডুমুরিয়া উপজেলার গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

খুলনা জেলার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। কী কারণে তাকে গুলি করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
Leave a Reply