মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২২ বোতল ও ৪ দশমিক ৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এবং বুধবার (২৮ অক্টোবর) ভোরে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।
এসআরবি-১৩ সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে একটি মুদি দোকানে অভিযান চালায় নীলফামারী ক্যাম্পের একটি দল। এ সময় দোকান থেকে চার বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দোকানমালিক মাজেদুল ইসলামকে (৪০)।
পরে বুধবার রাত ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামে অভিযান চালিয়ে আয়নাল শেখের (৪২) বাড়ি থেকে খাটের নিচে রাখা ৪৭ বোতল এসকাফ সিরাপ ও ৪ দশমিক ৫ লিটার খোলা এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় আয়নাল শেখ ও রব্বানি (৩৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামে আবু তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ৭১ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় আবু তাহের (২৯), শামীম (২৩) ও মশিয়ার (২৩) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যসহ তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।
Leave a Reply