রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, মেধাবীদের নিয়োগ এবং স্বৈরাচারের দোসর ও ফ্যামিলি কার্ডবিরোধীদের নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক আগে থেকেই তালাবদ্ধ থাকায় সেখানেও নতুন করে তালা লাগানো হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান। সেখানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান তারা। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচীকে কার্যালয়ে পাওয়া যায়নি বলে বিক্ষোভকারীরা জানান।

এ সময় কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীদের কেউ কেউ অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ক্ষুব্ধ জনগণ উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, কার্যালয়ের প্রধান ফটক আগে থেকেই তালাবদ্ধ। ফলে ভেতরে প্রবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ পাননি তারা।
কার্যালয়ের প্রধান ফটক আগে থেকেই কেন তালাবদ্ধ ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিক্ষোভকারীদের ধারণা, নিরাপত্তাজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে থাকতে পারেন। পরে বিক্ষুব্ধ জনগণের কয়েকজন ওই ফটকে নতুন করে আরেকটি তালা লাগিয়ে দেন।

বিক্ষোভকারীরা বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি। এ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা, পক্ষপাত বা বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তারা যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহকারী নিয়োগের দাবি জানান।
তাদের অভিযোগ, স্বৈরাচারের দোসর এবং ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব নিয়োগ বাতিল করে যোগ্য ও মেধাবীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া লিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালি উজ্জামান মন্ডল রিয়ালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক সাধারণ জনগণও অংশ নেন।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ সমাধান না হওয়া পর্যন্ত তারা বিষয়টি নিয়ে মাঠে থাকবেন।
Leave a Reply