ডেস্ক রিপোর্ট :: ফেনীর পরশুরামে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদ (হুইস্কি) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালের দিকে পরশুরাম-ফেনী আঞ্চলিক সড়কের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজ-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর এলাকার আলী আশরাফের ছেলে জসিম উদ্দিন (৫১) ও পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অমি (২১)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানা পুলিশের উপপরিদর্শক নাছির উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজীব বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজ-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরশুরাম ক্লিনিকের মালিকানাধীন ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১) সন্দেহজনক তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ছোট-বড় আটটি কার্টনে রাখা ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। জব্দ হওয়া প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পরশুরাম ক্লিনিকের স্বত্বাধিকারী নবী চৌধুরী বলেন, ‘সকালে হাসপাতাল রোডের গীতা মেডিসিন শপের (সাবেক শৈল ফার্মেসি) মালিক প্রিতম পাল অ্যাম্বুলেন্সচালকের কাছে কাচের জিনিস বলে মাদকের বক্সটি ফেনী পর্যন্ত পৌঁছে দিতে বলেন। এর বাইরে আমার কিছু জানা নেই। এ ঘটনার পর থেকে গীতা মেডিসিন শপ বন্ধ রয়েছে।’

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, জব্দ করা মদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ২৪(খ), ৩৮, ৪১ ধারায় পরশুরাম মডেল থানায় মামলা করা হয়েছে। মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply