বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান
ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল

ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার :: বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ, গালিগালাজ এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে মোংলা শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার মধ্যস্থতায় থানায় অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও অধিকাংশ ভুক্তভোগী তাতে সন্তুষ্ট নন এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগকারী মোংলা পৌর যুবদলের সভাপতি প্রার্থী মো. মতিউর রহমান রতন জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে মানুষ জেগে ছিল। রাত আনুমানিক সোয়া ২টার দিকে পৌর তাতীদলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগকে সঙ্গে নিয়ে একটি চায়ের দোকানে অবস্থানকালে ওসি সেখানে এসে দোকান খোলা থাকার কারণ জানতে চান। একপর্যায়ে দোকানিকে দোকান বন্ধ করতে বলে তার দিকে চায়ের কাপ ছুড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি।

রতনের দাবি, পরে তাদের পরিচয় জানতে চেয়ে ওসি উত্তেজিত হয়ে ওঠেন এবং রাজনৈতিক পরিচয় জানার পর বিএনপিকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাকে ধাক্কাও দেন। তিনি বলেন, ‘ওসির আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না।’

পৌর তাঁতীদলের সদস্যসচিব আজিজুর রহমান সোহাগ অভিযোগ করেন, অসুস্থ সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় ওসি তাদের রাজনৈতিক পরিচয় জানতে চান এবং পরে বিএনপি ও তাতীদলকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে ওসি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পরিচ্ছন্নতাকর্মী জানান, রাত ২টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে ওসি ও কয়েকজন পুলিশ সদস্য ওই এলাকায় যান। সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ওসি উত্তেজিত আচরণ করেন।

এদিকে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে ওসিকে কয়েকজনের দিকে ফিরে কিছু বলতে এবং পরে অস্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা গেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের ভাষ্য, সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তখন তাকে সরিয়ে নিয়ে যান।

অভিযোগকারীরা আরও জানান, একই রাতে বেড়িবাঁধ এলাকার একটি চায়ের দোকানেও ওসি কয়েকজন শিক্ষার্থী ও তরুণকে হয়রানি করেন। পরিচয় গোপন রাখার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা খেলা দেখার জন্য বাইরে ছিলাম। হঠাৎ এসে ওসি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।’

তবে অভিযোগ অস্বীকার করে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘গভীর রাতে দোকানপাট খোলা থাকায় এলাকায় অপরাধ বৃদ্ধির আশঙ্কা থেকে আমি টহলে বের হয়েছিলাম। কিছু স্বার্থান্বেষী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করছেন। আমি একজন সরকারি কর্মকর্তা, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ ধরনের কাজ করার কোনো প্রশ্নই আসে না।’

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘বিষয়টি নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ পেয়েছি। পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com