মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :: পঞ্চগড় জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।
উল্লেখ্য, গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হলে মো. মিজানুর রহমানকে পঞ্চগড় জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়। পরে ৭ মে তিনি পঞ্চগড়ে যোগদান করেন। তবে ৮ মে জরুরি কাজে ঢাকায় যাওয়ার পর তিনি আর পঞ্চগড়ে ফেরেননি।
এদিকে, তাকে পঞ্চগড়ের এসপি হিসেবে নিয়োগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আলোচিত সাংবাদিক গত ৯ ও ১০ মে ফেসবুকে একাধিক পোস্টে মো. মিজানুর রহমানের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তার পোস্টে দাবি করা হয়, মো. মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, অধীনস্তদের কাছ থেকে মাসোহারা আদায় এবং নারী পুলিশ সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। এছাড়া ২০২২ সালে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করার শাস্তি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
এসব পোস্টের পর বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রত্যাহারের দাবি জানান।
পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের প্রত্যাহারের আদেশ প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে মো. মিজানুর রহমানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
Leave a Reply