মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বন্ধ মিলগুলো চালু করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং মিলগুলোর ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।

শনিবার দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী জানান, দেশের ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে। সরকার এসব মিল পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করছে। একই সঙ্গে মিলগুলো যাতে লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া মিলগুলোর সংস্কার, আধুনিকায়ন এবং বিকল্প ব্যবস্থাপনার বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ মিল সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে কৃষক, শ্রমিক ও কর্মচারীরা শিল্পমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply