বিজ্ঞাপন:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা। তিনি জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এখন অনুমতি সাপেক্ষে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, তদন্তকালে পৌর কর্তৃপক্ষ যদি অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনার পরই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর স্থানীয় একটি সংবাদমাধ্যমে পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি উঠেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com