বিজ্ঞাপন:
মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু আলিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দীর্ঘ ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে আসাদের খামারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আলিফ উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোশালপুর গ্রামের মোজিদুল ইসলামের একমাত্র সন্তান।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে আলিফ তার বাবার সাথে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। একপর্যায়ে বাবা বাড়িতে ফিরে আসলেও আলিফ ফিরে আসেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রাথমিকভাবে স্থানীয়রা পার্শ্ববর্তী একটি পুকুরে তল্লাশি চালায়। কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে দুজন ডুবুরি অংশ নেন। দীর্ঘ ৭ ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে আলিফের নিথর দেহ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম উদ্ধার কাজে নামে। দীর্ঘ সাত ঘণ্টা প্রচেষ্টার পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে আলিফের পরিবারে এখন শোকের মাতম চলছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com