লালমনিরহাট প্রতিনিধি: ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে এবং বাকীরা সাধারণ গ্রেডে স্থান করে নিয়ে বিদ্যালয়ের সাফল্যের ধারাকে আরও উজ্জ্বল করেছে।

জানা গেছে, গত বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সারাদেশের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশের ঘোষণা দেন।
এদিকে দিনাজপুর বোর্ডের অধীনে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে এবারের ফলাফলে ৮ম শ্রেণির বৃত্তি প্রাপ্তির হার জেলায় প্রায় ৯৬ শতাংশ, যা জেলার শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের একাগ্র সাধনা, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফল। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও জানান, নিয়মিত পাঠদান, সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা, অতিরিক্ত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকির মাধ্যমে এ ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন বলেন, “শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। একটি প্রতিষ্ঠান থেকে ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জনের বৃত্তি পাওয়া, তার মধ্যে ১১ জনের ট্যালেন্টপুলে স্থান করে নেওয়া—এটি জেলার শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক প্রতিফলন। এতে প্রমাণিত হয়, সঠিক পরিকল্পনা, দক্ষ শিক্ষকতা ও নিয়মিত একাডেমিক তদারকি থাকলে প্রত্যন্ত জেলা থেকেও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ফল অর্জন সম্ভব।

স্থানীয় শিক্ষাবিদরা বিদ্যালয়ের এ অর্জনকে জেলার জন্য গর্বের বলে মন্তব্য করেছেন। তাদের মতে, ধারাবাহিক সাফল্য শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে লালমনিরহাটের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে শিবরাম আদর্শ পাবলিক স্কুল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ক্যাডেট কলেজের আদলে পরিচালিত হচ্ছে এ স্কুলটি। এবারের বৃত্তি ফলাফল সেই সাফল্যের ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply