গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে প্রকাশ্যে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে উদ্বেগ এবং এলাকায় চরম আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান অভিযোগ করেন, বরখাস্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ১০–১২ জন সহযোগী নিয়ে হঠাৎ অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন এবং নিয়মমাফিক দায়িত্ব পালনের পথে বাধা দেন।
আব্দুর রশিদ শেখ বলেন, “ঘটনার পর আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বরখাস্ত চেয়ারম্যানের এমন আচরণ যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।”
এদিকে অভিযোগের পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান নির্দেশ দিয়েছেন, যাতে প্যানেল চেয়ারম্যান নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি; মোবাইলও বন্ধ রয়েছে। তবে তাঁর এক পক্ষ দাবি করছে, উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে স্বপদে দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে এবং তিনি পরিষদে গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসেন।
জানা গেছে, বরখাস্তের পেছনে রয়েছে একাধিক ভুয়া জন্ম নিবন্ধন ও অনিয়মের অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন। এছাড়া দায়িত্বে থাকাকালীন তিনি নানা অনিয়ম, দুর্নীতি, সরকারি সুবিধা আদায়ের অভিযোগ ও প্রভাব বিস্তারের মাধ্যমে ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, “যথাযথ তদন্ত না হলে ইউনিয়নের প্রশাসনিক ব্যবস্থা বিপর্যস্ত হবে।” তারা প্রশাসনের কাছে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ কামনা করছেন।
সাদুল্লাপুর ইউএনও মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বরখাস্ত চেয়ারম্যানকে দায়িত্বে বহাল করার কোনো সরকারি আদেশ নেই। তাই পরিষদের কার্যক্রম বর্তমান প্যানেল চেয়ারম্যান পরিচালনা করবেন।”
এদিকে এলাকাবাসী, পরিষদের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষকরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
Leave a Reply