মাহাবুর রহমান,লালমনিরহাট :: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি গরু জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক পাচারের পরিকল্পনার খবর পায় বাহিনী। প্রাপ্ত তথ্যানুযায়ী গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ফেরেশতার পাট এলাকায় রামখানা বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপের ৫৫ বোতল জব্দ করা হয়।
এছাড়াও এর আগের দিন ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টায় লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন মাছানকুরা এলাকায় দিঘলটারী বিওপির টহলদল অভিযান পরিচালনাকালে ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুটি ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভারতীয় গরু জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ৫৫ বোতলের সিজার মূল্য আনুমানিক ২২ হাজার টাকা এবং একটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৮২ হাজার টাকা। চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার যেন সংঘটিত না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।” তিনি আরও জানান, সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে।
Leave a Reply