বিজ্ঞাপন:
       
লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

মাহবুবুর রহমান, লালমনিরহাট ;; লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে পৌর শহরের মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে জুলফিকার আলী (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে নুর আলম (৩৮) নামে জাল নোটের এক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুলফিকার আলী কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে। অপর গ্রেপ্তার নুর আলম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় জুলফিকার আলীর কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে কথিত জাল নোটগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা নোটের পরিমাণ ১ লাখ ৭৬ হাজার টাকা।

এ সময় জুলফিকার আলীর ব্যবহৃত একটি ভিভো ওয়াই৩০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে তা বহন, সরবরাহ ও ব্যবহারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় লালমনিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করেছেন। মামলাটি লালমনিরহাট থানার মামলা নম্বর ৩৯, জিআর নম্বর ৫৩৬, তারিখ ২৭ নভেম্বর ২০২৬।

গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com