বিজ্ঞাপন:
       
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

ডেস্ক রিপোর্ট :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর পর ফরিদপুর গিয়ে ধরা পড়েছেন মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষক।


একইসঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগেও একই উপায়ে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১২ এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যৌথ আভিযানিক দল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে যায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

এজাহারে অভিযোগে আরও বলা হয়, রাজিব হোসেন এর আগেও তার দুই ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি।

বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।

এদিকে গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি-১২।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com