মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সকালে প্রাইভেট পড়া শেষে তারা বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওনা হয়। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া মহাসড়ক এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত দুই শিক্ষার্থী হলো—মো. রাহাত (১৬), পিতা মিজানুর রহমান, বাড়ি ফুলবাড়ি, সাকোয়া, বোদা এবং মো. সাদিক (১৬), পিতা আতাউর রহমান, বাড়ি ভোলাবাসুনিয়া, সাকোয়া, বোদা।
আহত শিক্ষার্থী মো. রাব্বি, পিতা আবু শাহ। তার বাড়ি চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply