বিজ্ঞাপন:
       
‘পুলিশি হামলার’ প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘পুলিশি হামলার’ প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :: মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হেনস্তার অভিযোগ এনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেধে নীরব প্রতিবাদ জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে কলেজ কর্তৃপক্ষের ইন্ধনে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা, বৈষম্য, অবিচার ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষকের প্রত্যক্ষ মদদে পুলিশ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা ও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলন দমন পীড়ন চালিয়ে বন্ধ করা যাবে না। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পাশাপাশি মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।


প্রসঙ্গত, আবাসিক হলের আসন বাতিল ও জরিমানার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনার পর মধ্যরাতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com