ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত ‘একুয়া থিম পার্ক’-এ আকস্মিক পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এসময় পার্কের পরিবেশ ও অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা প্রশাসন পার্কটির প্রধান ফটক সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে পার্কের ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মন্ত্রী আকস্মিকভাবে পার্কটিতে প্রবেশ করেন।

পরিদর্শনকালে পার্কের ভেতরে ছোট ছোট কক্ষে ১২ তরুণ ও ১১ তরুণীকে বাইরে থেকে আটকা অবস্থায় দেখেন তিনি। তাদের এ অবস্থায় দেখে মন্ত্রী বিব্রত হন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেন।

ইউএনও তানজিনা খাতুন বলেন, ‘মন্ত্রীর নির্দেশনার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। ভেতরে পাওয়া অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের অভিভাবকদের ডাকা হয়েছে। তাদের পার্কে আসার উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উপযুক্ত ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ মিললে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসন সূত্রে জানা গেছে, এটিই প্রথম নয়, এর আগেও পার্কটির ভেতরে অনিয়মের অভিযোগে আবাসিকভাবে ব্যবহৃত আটটি কক্ষ সিলগালা করে পার্ক কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার পার্কটির প্রধান ফটক সিলগালা করা হয়।
Leave a Reply