ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের নান্দাইলে সাবেক এক ইউপি চেয়ারম্যানের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিংরইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানাজা শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনা নিয়ে নান্দাইলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ঢাকা থেকে নিজের ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
বিবৃতিতে এমপি জানান, তিনি এই গ্রেপ্তারের বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না এবং প্রশাসনের কাজে কোনো হস্তক্ষেপও করেন না। অপরাধীকে যেকোনো স্থান থেকে গ্রেপ্তারের এখতিয়ার প্রশাসনের রয়েছে। তবে একটি জানাজা শেষে শোকাতুর মুহূর্তে এই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনকে ভবিষ্যতে আরো সময়-জ্ঞান ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম নোংরা রাজনীতি ও অপপ্রচারে লিপ্ত না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য। রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও একটি সুন্দর ও বসবাসযোগ্য নান্দাইল গঠনে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
এদিকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সাইফুল ইসলাম পূর্বে দায়ের হওয়া একটি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়নি। এটি সম্পূর্ণ নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply