লালমনিরহাট প্রতিনিধি: প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে কেক কাটা কিংবা আনুষ্ঠানিকতার প্রথা ভেঙে সম্পূর্ণ ব্যতিক্রমী এক মানবিক চমক দেখাল ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ অক্টোবর লালমনিরহাট সদরের তিনদিঘী মাঝাপাড়ায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এ ছাড়া লালমনিরহাটের স্বনামধন্য বিভিন্ন ক্লিনিকের পরিচালকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে যুবকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

উদ্বোধন শেষে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। যেখানে লালমনিরহাটের অভিজ্ঞ চিকিৎসকরা এলাকার শত শত সাধারণ ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি দিনে সাধারণ মানুষের দোরগোড়ায় ফ্রি চিকিৎসা ও গাছের চারা পৌঁছে দেওয়ার এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply