মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর :: পঞ্চগড়ের বোদা পৌর এলাকার নাজিরপাড়া গ্রাম। সকাল শুরু হয় শত শত পাখির কিচিরমিচির শব্দে। গাছের ডালে ডালে অসংখ্য বাসা, বাসায় মাথা উঁচু করে থাকা ছানা আর খাবারের সন্ধানে ব্যস্ত মা পাখিদের উড়াউড়িতে মুখর পুরো গ্রাম। প্রায় ১৫ বছর ধরে প্রতি বছর বংশবিস্তারের জন্য নানা প্রজাতির দেশি ও অতিথি পাখি নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে এই গ্রামকে।
সরেজমিনে দেখা যায়, নাজিরপাড়ার বড় বড় গাছজুড়ে অসংখ্য পাখির বাসা। শামুকখোল, বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ চোখে পড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলকাকলি ও ডানা ঝাপটানোর শব্দে প্রাণ ফিরে পায় পুরো এলাকা।
কোনো গাছে সদ্য ফোটা ছানারা মাথা উঁচু করে বসে আছে, আবার কোথাও মা পাখি ছানার মুখে খাবার তুলে দিচ্ছে। পাখিদের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমী, দর্শনার্থী ও আলোকচিত্রীদের আগমন ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিবছর জুন-জুলাই মাসে এসব পাখি নাজিরপাড়ায় আসে। গাছের ডালে বাসা বাঁধে, ডিম পাড়ে এবং ছানা ফোটায়। প্রায় ছয় থেকে সাত মাস অবস্থান করার পর নভেম্বর-ডিসেম্বরের দিকে বংশবিস্তার শেষ হলে তারা নিজ নিজ আবাসস্থলে ফিরে যায়। এভাবেই প্রায় দেড় দশক ধরে চলছে পাখিদের আসা-যাওয়া।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান আজাদ বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে প্রতিবছরই এসব পাখি এখানে আসে। বিদেশি পাখির মধ্যে শামুকখোল সবচেয়ে বেশি আকর্ষণীয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি ও রাতচরা পাখিও রয়েছে। বাইরে থেকে কেউ পাখি শিকার করতে এলেও গ্রামের তরুণ ও অভিভাবকেরা মিলে তা প্রতিহত করেন। নিরাপদ পরিবেশ পাওয়ায় পাখিগুলো প্রতি বছরই এখানে ফিরে আসে।
তিনি বলেন, সকালে পাখির ডাকেই আমাদের ঘুম ভাঙে। তবে পাখির মলমূত্রে রাস্তা ও আশপাশের পরিবেশ নোংরা হয় এবং দুর্গন্ধও ছড়ায়। পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হলে স্থানীয়দের ভোগান্তি কমবে।
আরেক বাসিন্দা তমিজদার রহমান খোকা বলেন, প্রায় ১৫ বছর ধরে এখানে শামুকখোল, পানকৌড়ি ও বিভিন্ন প্রজাতির বক আসছে। এসব পাখি দেখতে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন। গ্রামের মানুষ কোনোভাবেই পাখি শিকার করতে দেন না।
স্থানীয় বাসিন্দা হাবিবুল আলম বলেন, এই পাখির কারণেই নাজিরপাড়া আজ পরিচিতি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাখি দেখতে এখানে আসেন। পাখির মলমূত্রের কারণে কিছুটা অসুবিধা হলেও গ্রামের মানুষ তা মেনে নিয়েছেন। তবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের আরও উদ্যোগ প্রয়োজন। গ্রামের মানুষ নিয়মিত পাখিদের খাবারও দেন।
স্থানীয় শিক্ষার্থী মানহা বলেন, প্রতি বছর বিভিন্ন জেলা থেকে মানুষ শুধু এসব পাখি দেখতে আসেন। বিকেলে পাখিদের উড়াউড়ি আর কলকাকলিতে পুরো পরিবেশ আনন্দময় হয়ে ওঠে।
পাখি দেখতে আসা ফারুক ইসলাম বলেন, বিকেলের সময় নাজিরপাড়ার পরিবেশ সত্যিই দারুণ লাগে। শত শত পাখির কিচিরমিচির আর গাছজুড়ে তাদের বিচরণ যে কাউকে মুগ্ধ করবে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বোদা পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত নাজিরপাড়া প্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ একটি এলাকা। দীর্ঘদিন ধরে বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এখানে এসে বাসা বাঁধে ও বংশবিস্তার করে। বিশেষ করে বকজাতীয় বড় পাখিগুলো নিশ্চিন্তে এখানে অবস্থান করে।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এলাকা পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং পাখি সংরক্ষণে সচেতন করা হয়েছে। স্থানীয়রাও পাখিগুলোর নিরাপত্তার বিষয়ে আন্তরিক। কেউ যাতে পাখিদের বিরক্ত না করে, সে বিষয়ে তারা বাইরের দর্শনার্থী ও পর্যটকদেরও সচেতন করেন।
ইউএনও আরও বলেন, যেসব গাছে পাখিগুলো বাসা বাঁধে, সেসব গাছ সংরক্ষণের বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে। গাছ না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে সচেতনতামূলক সভাও করা হয়েছে।
নাজিরপাড়ার এই পাখির অভয়ারণ্য শুধু স্থানীয়দের নয়, পঞ্চগড়ের প্রকৃতি ও জীববৈচিত্র্যেরও এক অনন্য সম্পদ। স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতেও অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে নাজিরপাড়ার এই ঐতিহ্য টিকে থাকবে।.
Leave a Reply