বিজ্ঞাপন:
       
দিনাজপুরে বিড়াল হত্যার অভিনব শাস্তি; ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

দিনাজপুরে বিড়াল হত্যার অভিনব শাস্তি; ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ নির্দেশনা দেন।


জানা গেছে, দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খয়ে ফেলেছিল একটি বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যা করেন বেকারির দোকানি সারোয়ার হোসেন। পরে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় বিড়ালটির নিথর দেহ। মায়ের এমন পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছানা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার বিকেলে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।

মেহেদী হাসান ইমুর অভিযোগ, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়। বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু। বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে ঢোকার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। এ কারণেই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।

নিজের দোষ স্বীকার করে দোকানি সারোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন তিনি।


এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com