বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের ৮ যাত্রী আহত, হাসপাতালে মা-মেয়ের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের ৮ যাত্রী আহত, হাসপাতালে মা-মেয়ের মৃত্যু

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে আট যাত্রী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আজগর আলীর স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) এবং তাঁর মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৭)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় থ্রি-হুইলারের আট যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে মাথা, নাক ও মুখে আঘাত পাওয়া অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গুরুতর আহত মাহমুদা আক্তার ও তাঁর মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পরে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।


আহত অন্য ব্যক্তিরা হলেন- উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭), মারেয়া বামনহাট এলাকার প্রমিলা (৩০) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

একটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com