মোকছেদ আল মামুন,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল উপজেলার ১৪ নম্বর চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) এলাকার মাছ বাজারসংলগ্ন স্থান এবং চণ্ডিপুর বাজারের রাধুনী হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মঞ্জু মিয়া (৩৮) এবং উত্তর দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে বাদল মিয়া (২২)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া ইয়াবা ও গাঁজা স্থানীয় মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply