খাজা রাশেদ,লালমনিরহাট: “স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলছে,”—এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আধুনিক জবাইখানা শুধু জনস্বাস্থ্য সুরক্ষাই নয়, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের মাংস প্রক্রিয়াজাতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৫ মে) বিকেলে লালমনিরহাট পৌরসভার বিডিআরহাটের পূর্ব পাশে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় জবাইখানাটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহা. রাশেদুল হক প্রধান, আসাদুজ্জামান, রাজিব আহসান, মমিনুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মো. রাকিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রায় ৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আধুনিক এ জবাইখানায় পশু জবাইয়ের মেশিন ঘর, মাংস সংরক্ষণের কোল্ড স্টোরেজ, চামড়া সংরক্ষণাগার, অফিস কক্ষ, ১০ কিলোওয়াট সোলার প্যানেল, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ২ হাজার লিটারের গরম ও ঠান্ডা পানির বয়লার, বায়োগ্যাস চেম্বার এবং বোন ক্রাশিং চেম্বারসহ অত্যাধুনিক বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই জবাইখানা চালুর মাধ্যমে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply