ডেস্ক রিপোর্ট :: ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে ভাড়া বাসায় মেশিন বসিয়ে মাদক উৎপাদনের অভিযোগে ১৯ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর একটি বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব (১৯)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকায়। হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় একটি ভাড়া বাসায় থাকত আকিব।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানা কম্পাউন্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আকিব জানায়, হাটহাজারীর কুয়াইশ এলাকায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর পুলিশের একটি দল তাকে নিয়ে ওই বাসায় অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আকিবের দেখানো স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়। মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছে, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন বলেও জানায় আকিব।
এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে নগরের চান্দগাঁও থানার পুরান কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় সোহেল নামে একজনকে আটক করা হয়।
Leave a Reply