বিজ্ঞাপন:
       
রাজনৈতিক ছায়ায় শিক্ষকের কোটি টাকার কেলেঙ্কারি!

রাজনৈতিক ছায়ায় শিক্ষকের কোটি টাকার কেলেঙ্কারি!

ডেস্ক রিপোর্ট :: বরগুনার পাথরঘাটা উপজেলার ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক দলের পাথরঘাটা উপজেলা কমিটির সভাপতি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি স্থানীয় শিক্ষক ও সচেতন নাগরিকদের।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অভিযোগ উঠলেও রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।


জানা গেছে, ২০২৩ সালে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন পান্না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে জেলার বাইরে বদলির সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৭ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনুপস্থিত পান আরটিভির পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মো. তাওহীদুল ইসলাম শুভ। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন সাংবাদিক শুভ।

২০২৫ সালে শিক্ষার্থী ভর্তি ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থী মারিয়া বিল্লাহকে অর্থের বিনিময়ে উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় এবং পরে তাকে বৃত্তি দেওয়া হয়।


চলতি বছর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনেও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, চতুর্থ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী গোলাম মাওলার বাবা এনামুল হক যাতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য তাঁর ছেলেকে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। অথচ ওই শিক্ষার্থীকে উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই উপবৃত্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১২ জুলাই ২০২৬ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি এনামুল হকের।

শিক্ষকের বিরুদ্ধে ব্যাংকঋণ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, রূপালী ব্যাংকের পাথরঘাটা শাখা থেকে বেতনের বিপরীতে ১০ লাখ টাকা ব্যক্তিগত ঋণ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অন্যদের ঋণ দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেন তিনি। তাঁদের ঋণের জামিনদার হওয়ার পর অন্য ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ শুরু করেন এবং নিজের ঋণের টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২১ ডিসেম্বর ২০২৫ ব্যাংক কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে।

এ ছাড়া টিউবওয়েল দেওয়ার কথা বলে রায়হানপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল, চিকিৎসক মো. ইমাম হোসেন, মো. জালাল মিয়া, মো. সোহরাবসহ একাধিক ব্যক্তি তাঁর বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে কোটি টাকার বেশি নেওয়া হয়েছে। তাঁরা টাকা ফেরত ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন।


এ ছাড়া নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।

অন্যদিকে, তাঁর কর্মকাণ্ডে পাথরঘাটা উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরাও বিব্রত বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁর কর্মকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করতে উপজেলা বিএনপির কয়েকজন নেতা পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন। দলটির কয়েকজন নেতাকর্মীও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিন্নাত জাহান বলেন, “শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, “বিষয়গুলো সম্পর্কে অবহিত হলাম, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত শিক্ষক হারুন অর রশিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অপরাধ করে থাকলে আমার কর্তৃপক্ষ আছে।”

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com