বিজ্ঞাপন:
       
আজানের ধ্বনি শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, করলেন অপেক্ষা

আজানের ধ্বনি শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, করলেন অপেক্ষা

ডেস্ক রিপোর্ট :: গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে মসজিদ থেকে ভেসে আসে জোহরের আজান। সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজানের প্রতি সম্মান জানিয়ে ডায়াসে দাঁড়িয়েই ছয় মিনিট নীরবে অপেক্ষা করেন তিনি। আজান শেষ হওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে দেশের আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন তিনি। পরে বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে ওঠেন প্রধানমন্ত্রী। উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর বক্তব্য শুরু করতে যান তিনি।

এ সময় পাশের একটি মসজিদ থেকে জোহরের আজান ভেসে আসে। ঘড়িতে তখন দুপুর ১২টা ৪৪ মিনিট। আজানের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তারেক রহমান। ডায়াসে দাঁড়িয়েই নীরবে অপেক্ষা করেন তিনি। প্রায় ছয় মিনিট পর দুপুর ১২টা ৫০ মিনিটে আজান শেষ হলে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য মোবাইল ভাতা চালুর কথাও জানান তিনি।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন তারেক রহমান। এ ছাড়া নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নামকরণ করা হবে ‘গ্রাম পুলিশ সড়ক’। বর্তমানে পাঁচ বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এ সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com