মনজু হোসেন,স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং নতুন করে যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে।”

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। প্রায় ৪০ হাজার ছাত্র-জনতা ও শ্রমিককে পঙ্গু ও অন্ধ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, এসব ঘটনার পরও সংশ্লিষ্টদের মধ্যে ন্যূনতম আত্মশুদ্ধি বা পরিবর্তন দেখা যায়নি। এরপরও তারা আবারও ক্ষমতায় ফিরে এসে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখছেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। তিস্তা ব্যারাজ নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, ২০২৪ সালের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনা ও পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply