আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুলের পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদে প্রকাশিত বিভিন্ন তথ্যকে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ স্থাপন বা সংস্কারের জন্য সরকার প্রদত্ত ৬ লাখ টাকার বরাদ্দই একমাত্র অর্থের উৎস নয়। স্থানীয় সরকার বিভাগের ২১ এপ্রিল ২০২৬ তারিখের সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা অন্য বৈধ উৎস থেকেও এ ধরনের উন্নয়ন ব্যয় নির্বাহ করা যায়। সেই নির্দেশনার আলোকে আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের সংস্কার ও উন্নয়নকাজ সম্পূর্ণ বৈধ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদের সঙ্গে ব্যবহৃত ছবিটি আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের নয় বরং তা সংসদ সদস্যের ব্যক্তিগত বাসভবনে তোলা। পরিদর্শন কক্ষের পরিবর্তে ভিন্ন স্থানের ছবি ব্যবহার করায় সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়।
এতে আরও দাবি করা হয়, পরিদর্শন কক্ষে ব্যবহৃত আসবাবপত্র দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সরবরাহকৃত এবং অনুমোদিত প্রাক্কলন, সরকারি বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই ক্রয় ও স্থাপন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদে ‘অনিয়ম’ ও ‘আত্মসাৎ’-এর মতো গুরুতর অভিযোগের ইঙ্গিত দেওয়া হলেও এর পক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়নি।
এ অবস্থায় সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরকারি নথিপত্র, প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর তথ্য সংশোধনেরও অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল জনগণকে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হয়ে সরকারি নথিপত্র ও প্রকৃত তথ্য যাচাই করে বিষয়টি মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply