নিজস্ব প্রতিবেদক :: দেশের ছয় জেলায় বজ্রপাতের ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ৬ জন, ময়মনসিংহে দুজন এবং চুয়াডাঙ্গা, নাটোর, পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারীতে একজন করে মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলায় আজ বিকেলে বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আম কুড়াতে গিয়ে চারজন, গবাদিপশু আনতে গিয়ে একজন এবং ঘাস কেটে ফেরার পথে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও নিজামপুরের হাসান আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে নিহত তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। এ ছাড়া একই সময়ে নাচোল উপজেলার নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে হাসান আলী নামের এক ব্যক্তিসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রাঘাতে শান্ত (২৮) নামের একজন মারা গেছে। এ সময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তাদের পাশেই একটি গাছে আগুন লাগে। ওই মুহূর্তে দুজনই আহত হন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলার পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে ও সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের মৃত ইছব আলীর ছেলে খালেকুল আজাদ (৬০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে সিয়াম খান (২৮)। খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
নাটোরে আজ সন্ধ্যায় সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে সিধাখালি মাঠে যান মধু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, আজ সন্ধ্যায় ডিমলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সেরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজ বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আলম ইসলাম। তার পাশে থাকা এক প্রতিবেশী গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকালে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহন করছিলেন। এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে দেবে যায়। বাড়ি কাছাকাছি হওয়ায় ট্রাক্টর তোলার কাজে ব্যবহারের জন্য একটি বেলচা আনতে বাড়িতে যান তিনি।
লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আজিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আজিমা বেগম ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আব্দুস সোবাহানের স্ত্রী। আজ বিকেলে ঘটা ওই ঘটনায় এলাকার গোলাম মোস্তফার পুত্র মিজানুর রহমানকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি একই ইউনিয়নের বুড়া সারডুবী এলাকায় চারজনসহ মোট সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Leave a Reply